ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ও তথ্য বিকৃতি করে প্রচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর কোতয়ালী থানায় দায়ের করা সাইবার ক্রাইম মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশীদ আলম ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম টিম তাকে গ্রেফতার করে।

ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার আলিমুজ্জামান জানান, ইরাদ আহমেদ বৃহস্পতিবার সকালে তুরস্ক যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন। সেখান থেকে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। 

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও তথ্য বিকৃতি করে ফেসবুকে প্রচারের অভিযোগ রয়েছে ইরাদের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আসামি করে রাজধানীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

পরে থানা পুলিশের কাছ থেকে মামলাটি সাইবার ক্রাইম ইউনিটে হস্তান্তর করা হয়।  তার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে একই ধরণের আরও ৪টি মামলা রয়েছে।

এমবি