অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশে সরকারকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ।
রবিবার (০৩ ডিসেম্বর) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সময়ের এ নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ০৫ অক্টোবর আদালত গেজেট প্রকাশে ০৩ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে বিষয়টি মুলতবি করেছিলেন। একই সঙ্গে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত জটিলতা নিরসনে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের কথা বলেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেনের মামলায় (বিচার বিভাগ পৃথককরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের এ নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃঙ্খলা সংক্রান্ত বিধি প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।
গত বছরের ২৮ আগস্ট শুনানিকালে আপিল বিভাগ খসড়ার বিষয়ে বলেন, শৃঙ্খলা বিধিমালা সংক্রান্ত সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ। যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।
এরপরই সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠান। গত ১৬ জুলাই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এ সংক্রান্ত গেজেট শিগগিরই প্রস্তুত হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। পরে ২৭ জুলাই বিকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে খসড়াটি হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক। কিন্তু সেই খসড়া নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন আপিল বিভাগ।





