সভা-সমাবেশের প্রচারণায় পাড়ায় পাড়ায় মাইকিং না করা থেকে বিরত থাকতে বিএনপিকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল শনিবার (১৫ জুলাই) ডিএমপির পক্ষ থেকে এক চিঠিতে বিএনপিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বলা হয়।
রোববার (১৬ জুলাই) এই চিঠির বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।
ডিএমপি জানায়, আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এই পদযাত্রার প্রচারণার জন্য
আজ রোববার (১৬ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করা হয়। এ আবেদন করেছিলেন দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু। তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে চিঠি দিয়ে মাইকিং করা থেকে বিরত থাকতে বলে ডিএমপি।
এদিকে আগামী সোমবার (১৭ জুলাই) মাইকিংয়ের অনুমতি চেয়ে সম্প্রতি ঢাকা উত্তর বিএনপির পক্ষ থেকেও ডিএমপির কাছে আবেদন জানানো হয়। তবে জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে তাদের আবেদনও নাকচ করে দেয় ডিএমপি।
ডিএমপির চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ এর ৩১ বিধি অনুযায়ী, মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে। ওই বিধি অনুযায়ী জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইকিং করা হতে বিরত থাকার জন্য বলা হলো।
এবিএস





