রাজধানীর গুলশান-২ এর কালাচাঁদপুরের ছাপড়া মসজিদ এলাকার ৪২/৫/সি নম্বর বাসার৪তলা থেকে নির্যাতনের শিকার গৃহপরিচারিকা চুমকিকে (৯) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার বিকালে গৃহকর্তা নাজমুল হোসেন (৩২) ও তার স্ত্রী রুবি আক্তারকে (২৯) আটক করা হয়েছে।
গুলশান থানার এসআই আশরাফুল ইসলাম জানান, প্রতিবেশীরা চুমকির আর্তচিৎকার শুনে এগিয়ে যেয়ে তাকে মারধর করতে দেখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেতাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করায়।
তিনি আরো জানান,চুমকিরবাড়ি ফেনীর সোনাগাজী থানার উত্তর মঙ্গলকান্দি গ্রামে। তার বাবার নাম কাশেম ও মা রেহেনা আক্তার। ভাই সেলিমের মাধ্যমে গত ৪ মাস আগে নাজমুল হোসেনের বাসায় কাজ নিয়েছিলো বলে জানা গেছে।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গৃহকর্তা ও তার স্ত্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। এছাড়া চুমকির মুখে আঘাতের দাগ পাওয়া গেছে বলেও জানান তিনি।
রাত পৌনে ৯টায় এসআই দেলওয়াল হোসেন জানান, চুমকিকে হাসপাতাল থেকে রিলিজ করে গুলশান থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
গুলশান জোনের ডিসি লুৎফুল কবীর বলেন, বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা, জেইউ, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





