ফেসবুকের মাধ্যমে পরিচয়। অতঃপর মোবাইলে সদ্য এসএসসি পাশ করা এক ছাত্রীকে (১৭) ঢাকায় ডেকে নিয়ে এসে রাতভর ধর্ষণ করার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের বিরুদ্ধে।

ভূক্তভোগী ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে আজ সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

ভূক্তভোগী ছাত্রীর পিতা জানান, গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে তার মেয়ে বাসা থেকে বের হয়। রাতে অনেক খোঁজাখুজির পরেও তারা তাকে পাচ্ছিলেন না। পরে আজ বিকেলে একটি ফোনকল পেয়ে টিএসসিতে যান। সেখান থেকে তার মেয়েকে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

তারা কেরাণীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকায় বসবাস করেন বলে জানান। এ ঘটনায় এখনো কোনো মামলা করেননিও বলেও জানান তিনি।

ভূক্তভোগী ছাত্রী জানান, ফেসবুকের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর চতুর্থ বর্ষের এক ছাত্রের সাথে তার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রোববার বিকেলে ওই ছাত্র তাকে মোবাইলে রাজধানীর বাংলামোটর মোড়ে ডেকে নেন। সেখানে হোয়াংসি রেস্টুরেন্টের পাশে একটি আবাসিক হোটেলে ওঠেন। এসময় তার আরেক বন্ধুও সেখানে যায়। সারারাত তাকে ধর্ষণ করার পর আজ সকাল ১০টার দিকে টিএসসি এলাকায় রিকসাযোগে এসে নামিয়ে দেয়।

এসময় তাকে পরে বিয়ে করবে জানিয়ে এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করে দেয়। পরবর্তীতে বিকেলে খোঁজ পেয়ে তার পিতা সেখান থেকে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, এ বিষয়টা আমি জানি না। খোঁজ নিয়ে দেখব। যদি এমন কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই ওই ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এমআইএস