নবীন আইনজীবীদের বই পড়া ও সিনিয়র আইনজীবীদের কাছে থেকে জ্ঞান অর্জনের পরামর্শ দিলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

সিনিয়র আইনজীবীদের চেম্বারকে আইন শিক্ষায় একেকটি ইনস্টিটিউট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নবীন আইনজীবীদের উচিত সিনিয়রের চেম্বারে সঠিক সময়ে উপস্থিত হওয়া।

বিচারপ্রার্থী ও বিপক্ষের আইনজীবীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

এ ছাড়া আদালতে বসে থাকার সময় নোট নিতে তিনি নবীন আইনজীবীদের আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, এখনো আমি এজলাসে বসে থাকলে নোট করি। আমি ছাত্রজীবন থেকেই নোট নিতাম।

ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীদের জন্য ‘প্রফেশনাল স্কিল অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০১৪’ অনুষ্ঠানে শনিবার বিকেলে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ সব কথা বলেন।

অ্যাডভোকেট মোহসীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. নুরুজ্জামান ননী।

এ ছাড়াও ঢাকা জেলা জজ আব্দুল মজিদ, মহানগর দায়রা জজ মো. জহুরুল হক, ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহা, সিজেএম মাহবুবুর রহমানসহ ঢাকা জজশিপ, মহানগর জজশিপ, সিএমএম আদালত ও সিজেএম আদালতের ম্যাজিস্ট্রে, ঢাকা বারের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নবীন আইনজীবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, মহান এ পেশার রয়েছে দীর্ঘ ঐতিহ্য এবং নিজস্ব আইন-কানুন শিষ্টাচার ও ব্যবহার বিধি। বিশ্ববিদ্যালয় থেকে আইন শিক্ষা শেষে যে সব নবীন আইনজীবী আইন পেশায় আগমন করেন, তাদের ওই বিষয়গুলোতে শিক্ষিত করা দরকার। আইনজীবীরা বিচার ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ। আজ যিনি আইনজীবী, কাল তিনি হতে পারেন একজন বিচারক। একইভাবে একজন বিচারক জীবনের কোনো পর্যায়ে হতে পারেন আইনজীবী। আইনজীবীরা আইনকে জনগণের কাছে পৌছে দিতে পারেন। আইনজীবীগণের মুখ্য কাজ হলো, জনগণের জন্য মানসম্মত সুবিচার নিশ্চিত করা।

এ সময় বাংলাদেশে বিচার ব্যবস্থায় মামলা জট ও দীর্ঘসূত্রিতা রোধে আইনজীবীদের ভূমিকা কামনা করেন তিনি।

এএইচ