ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে স্কুল ছাত্রকে অস্ত্র ঠেকিয়ে ১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় ওই হাসপাতালের বহির্বিভাগের দ্বিতীয়তলায় এক রোগীর স্কুল পড়োয়া ছেলেকে অস্ত্র ঠেকিয়ে ১ হাজার টাকা ছিনিয়ে নেয় এক দুর্বৃত্ত।
ঘটনার শিকার শফিকুল ইসলাম (১৬)সাংবাদিকদের বলেন, তাদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার দরবেশনন্দী গ্রামে। সে স্থানীয় গোপালদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
শফিকুল ইসলাম বলেন, তার বাবা দানেশ মিয়া গত দেড় মাস ধরে হাসপাতালে ২১৭ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বেডে চিকিৎসাধীন। আজ বিকেলে সোয়া ৫টায় তিনি হাসপাতালের ওই ওয়ার্ডের বাইরে গেলে লাল গেঞ্জি পরিহিত চল্লিশোর্ধ এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। তারও হাসপাতালে রোগী আছে জানান। পরে কথা বলার জন্য লিফটের পাশে নিয়ে যায়।ওই দুবৃর্ত্ত হঠাৎ কোমর থেকে পিস্তল বের করে বলে, ‘তোর যা আছে বেরকর। কোনো কথা বলবি না, তাহলে গুলি করবো।
শফিকুল ইসলাম বরেন, এ অবস্থা ভয়ে মানিব্যাগ থেকে ১ হাজার টাকা বের করে দেন। এরপর সে শাসিয়ে বলে ‘আর কোনো কথা বলবি না। সোজা ওয়ার্ডে চলে যাবি। চিৎকার করলে গুলি করবো।’ এরপর ভয়ে আর কোনো কথা না বলে ওয়ার্ডে চলে আসেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
একে





