বগুড়ার গাবতলী পৌরসভা উপ-নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।এই আদেশের ফলে গাবতলী পৌরসভার উপ-নির্বাচনে আর কোন বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো.খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উপ নির্বাচনের প্রার্থী আনোয়ারুল ইসলাম নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে গত ১৭ জুন গাবতলী সদর ইউনিয়নের তরফ সরতাজ গ্রামের ভোটার আনোয়ার হোসেন সীমানা সংক্রান্ত জটিলতা দেখিয়ে নির্বাচন বন্ধের জন্য হাইকোর্টে একটি রিট করেন। এ রিটের প্রেক্ষিতে গত ২৫ জুন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ উপ-নির্বাচন স্থগিতের আদেশ দেন।

২৬ জুন গাবতলী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। পৌরসভার মেয়র মোরশেদ মিল্টন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেয়র পদটি শুন্য হয়।

ঢাকা, কেএ, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর