বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকীর দায়ের করা মানহানি মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

অবরোধের কারণে কারাগার থেকে মোশাররফকে আদালতে হাজির না করায় ঢাকা মহানগর হাকিম আতাউল হক সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার সকালে এ দিন ধার্য করেন। আজ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

জানা যায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে সরকার। যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে সরকারকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পঁচাত্তরের পরিণতি ভোগ করতে হবে।’

পরদিন দেশের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রচারিত হলে প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে—এমন অভিযোগে এ বি সিদ্দিকী ২০১৩ সালের ২০ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আতাউল হক মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

ইআর