বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে ‘এন-৯৫’ নকল মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালতে।
আজ (২৫ জুলাই) শনিবার দুপুর ১টা ১৫মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। পরে আদালত তা মঞ্জুর করেন।
রিমান্ড বিষয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে শুনানি হয়। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই নিজাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআই নিজাম জানান, শাহবাগ থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ৩ দিনের রিমান্ডের আবেদন করে শারমিন জাহানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষ বিচারক ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শারমিন জাহানকে শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে নকল মাস্ক সরবরাহের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা করেন বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত শারমিনের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল ২৭ জুন বিএসএমএমইউতে ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ পায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর শারমিন ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হন।
আওয়ামী লীগের গত কমিটিতে তিনি মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন।
এমবি





