দেশে আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার ও গণতন্ত্রের জন্য আজীবন লড়ে যাবো বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বুধবার বিকালে সুপ্রিমকোর্ট বারের নির্বাচন কমিটির সাব কমিটি আয়োজিত আইনজীবী সমিতির হলরুমে এক পরিচিতি সভায় তিনি এসব মন্তব্য করেন।

সুপ্রিমকোর্ট বারের ২০১৫-১৬ সেশনের নির্বাচনের সকল প্রার্থীর পরিচিতির জন্য এ সভায় আয়োজন করা হয়।

খন্দকার মাহবুব বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এখন সময়ের দাবি। দেশে গণতন্ত্র নেই, পুলিশ গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে। পুলিশের ভয়ে বিরোধীদল ও সাধারণ নিরিহ অনেক মানুষ আজ পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ তাদেরকে ঠুংকো অজুহাতে গ্রেপ্তার করে বাণিজ্য করছে।

তিনি বলেন, পুলিশের গ্রেপ্তার বাণিজ্য থামাতে দেশের উচ্চ আদালতসহ সকল আদালতের আইনজীবীদের কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে আমরা বিচার অঙ্গনের মানুষ। সাধারণ মানুষ আমাদের কাছে বিপদে পড়ে আসে। আমাদের ন্যায় বিচারের জন্য মানুষের পাশে থেকে কাজ করে যেতে হবে।

সুপ্রিমকোর্ট বারের তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে তিনি সুপ্রিমকোর্টে অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন বলেও মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট বারের ২০১৫-১৬ সেশনের নির্বাচনে তিনি সভাপতি হিসেবে প্রার্থী হিসেবে সবার কাছে ভোট কামনা করে বলেন, দেশে গণতন্ত্র,মানবাধিকার, আইনের শাসনের জন্য আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের পাশে থেকে গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করে যেতে চাই।

তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, অপনারা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন অমিও আপনাদের উন্নয়নের জন্য কাজ করেছি। আমাকে আবারো নির্বাচিত করুন আমি সবার জন্য কাজ করে যেতে চাই।

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলামকে বুকে হাত দিয়ে প্রশ্ন করার আহবান জানিয়ে তিনি বলেন, আপনি এ দেশের সংবিধান প্রনয়ন করেছেন। আপনি বুকে হাত দিয়ে বলুন দেশ সংবিধান অনুযায়ী চলছে কিনা?

তিনি বলেন, কোথায় গেছে সংবিধান, কোথায় গণতন্ত্র মানুষ আজ জিম্মি হয়ে গেছে তাদেরকে উদ্ধার করতে হবে। আইনজীবী হিসেবে আমাদের সবাইকে একযোগে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন এই আইনজীবী।

তিনি আরও বলেন, সুপ্রিমকোর্টে দলীয়ভাবে বিচারক নিয়োগ দেয়া হয়েছে। আমরা দলীয়করণ না করে সৎ, যোগ্য ও মেধাবী লোকদের বিচারপতি হিসেবে দেখতে চাই।

সুপ্রিমকোর্ট বারের আরেক সভাপতি প্রার্থী ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আমি নির্বাচিত হলে সুপ্রিমকোর্টে কোনো রাজনীতি রাখবো না। আমি সুপ্রিমকোর্টের সকল আইনজীবীদের জন্য উন্নয়ন মূলক কাজ করে যেতে চাই।

পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন ড.মোহাম্ম্দ ইউনুছ আলী আকন্দ (সভাপতি প্রার্থী), সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম.আমীর উল ইসলাম, জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রমুখ।

কেএইচ