বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি মামলায় রিমান্ডে নিতে পারবে পুলিশ।

এই মামলায় নিম্ন আদালতের দেওয়া রিমান্ড আদেশ এক মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

আদালতের এ আদেশের ফলে রিজভীকে রিমান্ডে নিতে বাধা থাকলো না।

রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ রোববার দুপুরে হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

গত ৫ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ রিজভীর রিমান্ড এক মাসের জন্য স্থগিত করে আদেশ দেন। একইসঙ্গে তার রিমান্ড আদেশকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছিলেন আদালত।

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা একটি মামলায় রিজভীকে গ্রেফতার করে আদালতে রিমান্ড আবেদন করা হলে ৩১ মার্চ ঢাকামহানগর হাকিমতাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। সেই রিমান্ড আদেশকে চ্যালেঞ্জ ও মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে গত ২ এপ্রিল কোয়াশমেন্ট আবেদন করেন রিজভী।

জেএ