রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় গলায় ফাঁস লাগিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছেন। নিহত কিশোরীর নাম নার্গিস আকতার (১৪) বলে জানা যায়।
রোববার ওই এলাকার কমিশনার গলির ৭০/এ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নার্গিস শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালীবাড়ির মো. সেলিম মিয়ার মেয়ে। তবে সপরিবারে মেরাদিয়ার ওই বাসায় থাকেন সেলিম।
নগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে পরিবারের অন্যান্য সদস্যদের আড়ালে নিজকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নার্গিস।
বেলা সাড়ে ১১টার দিকে তার ছোটবোন স্কুল থেকে বাসায় ফেরে তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দেয়।
এক পর্যায়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বনশ্রীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা নার্গিসকে মৃত ঘোষণা করেন।
এস আই ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে মৃতের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি বলেন, একই বাসার নিচতলার একটি ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি এনিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়েছে।
এ কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই ফখরুল।
এসএইচ





