আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এই এম শামসুদ্দিন চৌধুরীর ‘জাজশীপ’ প্রত্যাহার চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন এক আইনজীবী।

মঙ্গলবার সুপ্রিমকোর্টের আইনজীবী মো: মোজাম্মেল হক বঙ্গভবনে গিয়ে আবেদনপত্রটি দিয়ে আসেন।

মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘আবেদনপত্রটি রাষ্ট্রপতির কার্যালয় গ্রহণ করেছে। আবেদনপত্রে বলা হয়েছে, বর্তমানে শামসুদ্দিন চৌধুরী মানিক ‘সাবেক বিচারপতি’ শব্দগুলি ব্যবহার করে কারণে-অকারণে যে অবস্থার সৃষ্টি করে চলেছেন তাতে জাতি এবং বিজ্ঞ আইনজীবীগণ ভীত সন্ত্রস্ত এ কারণে যে, এই সাবেক বিচারপতিই স্বাধীন বিচার ব্যবস্থার স্থায়ী কলঙ্ক না হয়ে যান।

তিনি সময়ে অসময়ে বিভিন্ন জনকে হুমকি প্রদান করেছেন যে, তিনি সরকারের অধীন আবার গুরুত্বপূর্ণ পদ লাভ করবেন।

প্রধান বিচারপতি মহোদয়কে ও বিচার বিভাগকে নিয়ে তিনি যে কর্মকান্ড শুরু করেছেন সে ক্ষেত্রে তার জাজশীপ কেড়ে নেওয়াই হবে একমাত্র আইনি ব্যবস্থা।’

অ্যাডভোকেট মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘জাজশীপ কেড়ে নেয়া হলে এ এই এম শামসুদ্দিন চৌধুরী নামের আগে ‘সাবেক বিচারপতি’ উপাধি ব্যবহার করতে পারবেন না।’

এই আইনজীবী বলেন, ‘অতি দ্রুত যদি রাষ্ট্রপতির কার্যালয় থেকে তার জাজশীপ প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া না হয় তাহলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।’

এসএইচ