দুর্নীতির মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) বজলে কাদেরসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছ দুর্নীতি দমন কমিমন (দুদক)।
দুদকের গণসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০১১ সালের ১৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হক বাদী হয়ে এ মামলা করেন। এতে ৮ জনকে আসামি করা হয়। যেকোনো দিন আদালতে এ চার্জশিট দাখিল হতে পারে।
তিনি বলেন, চার্জশিটভুক্ত অপর ৪ আসামি হলেন, সাবেক উপ পরিচালক ডা: মো: ফয়জুল্লাহ, উপ-পরিচালক ডাঃ মশিউর রহমান, ঢামেক হাসপাতালের সাবেক ক্যাশিয়ার নজরুল ইসলাম এবং সার্জিক্যাল যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক জাকিয়া সুলতানা।
একইসঙ্গে ওই মামলার অভিযোগ থেকে ঢামেকের সাবেক উপ-পরিচালক মৃত ড. কাজী এনামুল কবির, ঢামেকের এ্যাসিসন্টেট প্রফেসর ড. আতিয়ার রহমান, সাভার গণপূর্ত বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী সতীনাথ বশদ ও ঢামেক সাবেক সমাজ সেবার কর্মকর্তা সায়েদা আক্তারকে অব্যহতি দেয়া হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৯-২০১০ অর্থবছরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) বজলে কাদের কর্মরত ছিলেন। ওই সময় ইসিজি সার্কিট, হাই গ্লোসি প্রিন্টিং পেপার ও নিডল ক্রয়ের জন্য দরপত্র আহবান করলে ৩টি প্রতিষ্ঠান কোটেশন দাখিল করে। এর মধ্যে এইচ এন সার্জিক্যাল মার্টকে ‘সর্বনিম্ন করদাতা’ হিসাবে কার্যাদেশ দেয়া হয়।
কিন্তু পাতানো টেন্ডারের মাধ্যমে আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারের ২ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৯২০ টাকা আত্মসাত করেন।
একে/কেএইচ





