বাগেরহাটে মিজান সরদার ওরফে নিজাম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বুধবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম সোলায়মান এই আদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামী মংলা উপজেলার কুমারখালী গ্রামের সোবাহান গাজীর ছেলে মাসুম গাজী ওরফে মাকসু ছাড়া সবাই পলাতক রয়েছে।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলো,বাগেরহাটের মংলা উপজেলার কুমারখালী গ্রামের মান্নান শেখের ছেলে শহীদ শেখ, একই গ্রামের জালাল সুপারভাইজারের ছেলে ইয়াসিন এবং রামপাল উপজেলার কুমলাই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার।
এরা সবাই নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি জনযুদ্ধের সক্রিয় সদস্য বলে রায়ে উলেখ করা হয়েছে।
চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলে মিজান সরদার খুন হয়েছেন বলেও রায়ে উল্লেখ করা হয়।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলী মোহম্মদ আলী আদালতের বরাত দিয়ে বলেন,২০০৫ সালের ৭ জুন দুপুরে মংলা উপজেলার সফিজ উদ্দিন সরদারের ছেলে মিজান সরদারকে একই গ্রামের সোবাহান গাজীর ছেলে মাসুম গাজী ওরফে মাকসু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে মিজান নিখোঁজ ছিলেন।
পরদিন পাশ্ববর্তি রামপাল উপজেলার মীরাখালী ওয়াপদা বেড়িবাঁধের ওপর দিয়ে মিজানের জবাই করা লাশ পুলিশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের বড় ভাই সাইদ সরদার বাদী হয়ে মাসুম,ইয়াসিন ও শহীদের নাম উল্লেখ করে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. আফসার উদ্দিন তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ নভেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
তিনি তার অভিযোগপত্রে বলেন,ভিকটিম মিজান সরদার ও আসামীরা সবাই নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি জনযুদ্ধের সক্রিয় সদস্য ছিলেন।
আসামীরা ভিকটিম মিজানকে চাঁদাবাজি করতে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র দেয়। কিন্তু মিজান ওই অস্ত্র দিয়ে যে চাঁদা আদায় করেছে তা এদের না দেয়ায় তারা ক্ষুদ্ধ হয়ে ওই অস্ত্রটি ফেরত চায়। অস্ত্রটি তাদের ফেরত না দেয়ায় ক্ষুব্দ হয়ে মিজানকে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে পরিকল্পিতভাবে হত্যা করে। আদালতে বিচারক ১২জন স্বাক্ষীর স্ব্যাগ্রহণ শেষে বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে ওই রায় ঘোষণা করেন।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]