সুন্দরবন থেকে অস্ত্রসহ জলদস্যু রাঙা বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার সকালে মংলা পশ্চিম জোনের কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের খুলনা জেলার দাকোপ ধানাধীন পশ্চিম ঢাংমারী থেকে ওই দুই জলদস্যুকে আটক করে।
এসময় কোস্টগার্ড সদস্যরা আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করে। আটকৃত জলদস্যুরা হচ্ছেন, বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা এলাকার মো. মাহাবুব আলীর ছেলে মামুন ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুল মান্নান ।
কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের অপারেশন বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট মোজাহিদুর রহমান জানান, জলদস্যু ও বনদস্যুদের ধরতে কোস্টগার্ড সদস্যরা আজ বুধবার সকালে সুন্দরবনের ওই এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে অবস্থানরত কুখ্যাত জলদস্যু রাঙা বাহিনীর সদস্যরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করে একটি দেশীয় পাইপগানসহ জলদস্যু মামুন ও মান্নানকে আটক করেতে সক্ষম হয়।
আটকের পর বিকালে অস্ত্রসহ তাদেরকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে জেলে ও বাওয়ালীদের ট্রালারে ডাকতি করে মালামাল লুট এবং তাদেরকে অপরহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলো।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





