অবশেষে স্ত্রী নির্যাতনের ঘটনায় বরিশালের মেট্রোপলিটন কাউনিয়া থানার এসআই ওয়ারেছকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

সোমাবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে বিচারক মো. আদিব আলী তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী উম্মে আসমা শেলী জানান, এসআই ওয়ারেছ গত ৬ এপ্রিল থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার আদালতে হাজির হয়ে ওয়ারেছ পুনরায় জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

জাতীয় মহিলা আইনজীবী সমিতির বরিশালের বিভাগীয় প্রধান মুনিরা বেগম জানান, ওয়ারেছ তার স্ত্রীকে বাসায় আটকে রেখে নির্যাতন করে। এমন অভিযোগে গত ৫ ই মার্চ পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতিতে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় বধূর মা মাহামুদা বেগম গত ১০ মার্চ বাদী হয়ে কাউনিয়া থানায় যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। এ ঘটনায় ওয়ারেছকে সাময়িক বরখাস্ত করা হয়।

এএইচ