রাজধানীর মালিবাগ এলাকা থেকে এক কলেজছাত্রীকে (১৭) ধরে নিয়ে রাতভর নির্যাতন করেছে রনি নামের (২৪) এক যুবক।
ওই ছাত্রী সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। তারা মালিবাগের কমিশনার গালিতে একটি বাসায় ভাড়া থাকেন।
কলেজছাত্রীর মা জানান, দেড় বছর আগে রনি তার মেয়েকে জোর করে ধরে নিয়ে কাবিন করে এবং হুমকি দেয় তা কাউকে না জানাতে। তার মেয়ে ভয়ে পরিবারের কাউকে কাবিনের বিষয়টি জানায়নি।
গতকাল শুক্রবার মেয়েটির বিয়ের জন্য অন্য জায়গা থেকে ছেলেপক্ষের আসার কথা ছিল। এ কথা জানার পর রনি বিকেলে বাসার সামনে থেকে ওকে ধরে নিয়ে যায়।
ছাত্রীর বাবা জানান, রনি তার মেয়েকে তুলে নিয়ে খিলগাঁও তালতলা মার্কেটের পেছনে একটি বাসায় আটকে রেখে নির্যাতন চালায়। গুরুতর আহত হয় তার মেয়ে। পরে রনিই তার কাছে ফোন করে মেয়েকে নিয়ে আসার জন্য। সেখানে গিয়ে রনির দেওয়া সব শর্ত মেনে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি। পরে মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান তিনি।
এসএইচ





