রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দর্শন বিভাগের শিক্ষক আনিসুজ্জামান মানিককে প্রাণ নাশের হুমকি দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই শিক্ষক জানান,সোমবরা রাত সাড়ে ৯টার দিকে বাংলালিংকের একটি নাম্বার থেকে এক ব্যক্তি ”লাল বাহিনী” পরিচয় দিয়ে এ হুমকি দেন।
আনিসুজ্জামান বলেন, 'সন্ধ্যায় আমি বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে অবস্থান করছিলাম। এসময় একটি বাংলালিংক নাম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। আমি কলটি রিসিভ করলে ওপার থেকে বলা হয়, ‘আমি লাল বাহিনীর নেতা। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিসুজ্জামান না?'
'আমার ছেলেরা আপনার বাসায় অনেক দিন ধরেই যেতে চাচ্ছে। কিন্তু আমি তাদেরকে আটকে রেখেছি। আমার বেশ কিছু ছেলে থানায় ও মেডিকেলে আছে। তাই তাদের জন্য টাকা লাগবে। আপনি মোটা অংকের টাকা নিয়ে তৈরী থাকবেন। ছেলেরা গেলে তাদের হাতে দিয়ে দেবেন।’
মুঠোফোনে প্রাণ নাশের হুমকি দিয়ে বলেন, ‘যদি এই বিষয়টি কাউকে বলেছেন তাহলে আপনার জীবন আর থাকবে না। জানেন তো, আমাদের কেমন শক্তি।’
ওই শিক্ষক আরও বলেন, আগামীকাল ক্যাম্পাস বন্ধ থাকায় বিষয়টি বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে পুলিশকে জানাবো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, আমি বিষয়টি শুনিনি। প্রক্টরের সাথে কথা বলে দেখছি।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, লাল বাহিনী নামে কোনো সংগঠনের নাম আমরা আগে শুনিনি। বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষকও আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেনি। পুলিশকে জানালে বিষয়টি দেখা হবে।
আআ, জেএ





