ব্রাহ্মণবাড়ীয়া জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারকে আমলি আদালত থেকে প্রত্যাহার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বগডর গ্রামের শাহনূর আলম হত্যার ঘটনায় র‌্যাবের ৯ সদস্যসহ ১১ জনের  বিরুদ্ধে  আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
র‌্যাবের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়ার নির্দেশ দেওয়ার একদিন পর হঠাৎ করে তার ‘‘মামলা আমলে নেওয়ার ক্ষমতা’’ প্রত্যাহার করা হয়।
২৯ এপ্রিল মঙ্গলবার বগডর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে শাহনূর আলমকে আটক করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এরপর ৬ মে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। র‌্যাবের নির্যাতনে শাহনূরের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মেহেদী হাসান বাদী হয়ে র‌্যাবের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
বিএনপি দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ব্রাহ্মণবাড়ীয়ায় বিচারক প্রত্যাহারের ঘটনা র‌্যাবকে বাঁচানোর কৌশল হিসেবেই দেখছে বিরোধী দলসহ দেশের সচেতন জনগোষ্ঠী। এই ঘটনায় সরকারের গণবিরোধী চরিত্রই আরেকবার উন্মোচিত হলো।
বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে ব্রাহ্মণবাড়ীয়া জেলায় র‌্যাব-১৪ এর বিরুদ্ধে আনীত অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করে দ্রুত তাদের বিচার প্রক্রিয়া শুরু করার জোর দাবি জানান।
দেশটা দুর্বৃত্তদের রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে ফখরুল বলেন, ক্ষমতা আঁকড়ে রাখতে এবং ব্যক্তিগত ও দলীয় স্বার্থসিদ্ধির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দানবে পরিণত করা হয়েছে। আর এই দানবাকৃতি আইন প্রয়োগকারী সংস্থাটিকে দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম, খুন, অপহরণ করানো হচ্ছে।
র‌্যাবের অপকর্মগুলো সরকার বিভিন্নভাবে আড়াল করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]