গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর সোমবার প্রথম দিনের শুনানি শুরু হয়েছে। পরে মামলার কাযক্রম মঙ্গলবার পর্যন্ত মূলতবি করা হয়।

মামলায় পেপারবুক পড়া শুরু হয়েছে, সেটি মঙ্গলবারও অব্যাহত থাকবে। সোমবার প্রথম দিনে পেপারবুক থেকে মামলার এজাহার ও অভিযোগপত্র পাঠ করে শুনিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

মামলার পেপারবুক (নথিপত্র)পড়ার মধ্য দিয়ে সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শুরু হয়।

আদালতে সোমবার প্রথম দিনে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির, সহকারি অ্যাটর্নি জেনারেল আতিকুল হক ও সহকারি অ্যাটর্নি জেনারেল বিলকিস ফাতেমা।

অপরদিকে, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মাকসুদুল হাসান অনিকের পক্ষে ছিলেন অ্যাড. আব্দুর রেজ্জাক খান।

এর আগে গত ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) এবং আপিল শুনানির জন্য মামলাটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় আসে।

নিয়ম অনুযায়ী, বিচারিক আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের জন্য উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন। এ অনুমোদনই ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির জানান, এ মামলার পেপারবুক (নথিপত্র) ১ হাজার ১৩ পৃষ্ঠার। এসব পেপারবুক পাঠ করে শেষ করতে আরোও কয়েকদিন লাগতে পারে। পরে মামলার চূড়ান্ত শুনানি শুরু হবে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ ব্লগার রাজীব হায়দার শোভন হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাইম ওরফে দ্বীপকে মৃত্যুদণ্ড দেন। দুজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার আদেশও দেওয়া হয়।

এছাড়া মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। জসীমউদ্দিন রাহমানী ছাড়া বাকি সাত আসামি বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

সোমবার সহকারি অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম পেপার বুক পড়া শুরু করেছেন। পরে তিনি জানান, আপিল শুনানির শুরুতে বিচারপতিদেরকে মামলার প্রাথমিক বিষয়গুলো বলতে হয়। সেটা আমরা করেছি।

হাইকোর্টের আপিল আবেদনে মামলার এফআইআর, চার্জ পাঠ চলছে। প্রাথমিক বিষয়গুলোর মধ্যে আসামি কতজন, কার কী শাস্তি হয়েছে, স্বীকারোক্তি না জবানবন্দি বিভিন্ন বিষয়গুলো পড়েছি।

মানবতাবিরোধী আসামীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দারকে রাজধানীর পল্লবীতে তার বাসার সামনে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে কুপিয়ে হত্যা করা হয়।

এমএনজে