জঙ্গিদের জামিন বিষয়টি দেখভাল করার জন্য সমন্বয় সেল গঠন করা প্রয়োজন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহবুবে আলম বলেন, এক্ষেত্রে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে দেশের যে কোনো আদালত থেকে যখনই কোনো জঙ্গি জামিন পাবে, তখন যেন আমরা বিষয়টি জানতে পারি। এটি সম্ভব হলে আমরা জঙ্গিদের জামিন ঠেকাতে যথাযথ পদক্ষেপ নিতে পারব।

তিনি বলেন, অনেক সময় তথ্য গোপন করেও জঙ্গিরা আদালত থেকে জামিন নিচ্ছেন। কোন আদালতে জামিন আবেদন শুনানি হচ্ছে এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে জানানো হয় না। একটি তদারকি সেল থাকলে বিষয়টি আমরা সহজে জানতে পারতাম।

অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার এজাহার, জব্দকৃত আলামত ও অভিযোগপত্রে ত্রুটি থাকার কারণেও জঙ্গিরা জামিন পেয়ে থাকে।

কারাবন্দী শতবর্ষী বৃদ্ধা ওহিদুন্নেছার যাবজ্জীবন সাজার রায় বাতিল প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রিমকোর্টের কাছে দেশবাসীর যে প্রত্যাশা এই ঘটনার মধ্য দিয়ে তা অনেকাংশে পূরণ হয়েছে। আমি মনে করি, সুপ্রিমকোর্ট ও প্রধান বিচারপতির পদক্ষেপ দেশবাসীর কাছে প্রশংসিত হবে।

উল্লেখ্য, ওহিদুন্নেছা কাশিমপুর কারাগারে বন্দী। চাঁদপুরের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তিনি।

সম্প্রতি প্রধান বিচারপতি কাশিমপুর কারাগার পরিদর্শনে যান। সেখানে প্রধান বিচারপতির সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর প্রধান বিচারপতির নির্দেশে কারা কর্তৃপক্ষ আবেদন জানালে আপিল বিভাগ সোমবার শুনানি গ্রহণ করে তার সাজার রায় বাতিল করে দেন।

এআই