গুলশানে প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের দেড় বিঘা জমির ওপর সরকারি বাড়ি দখলের মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও তার ভাই মঞ্জুর আহমদের বিরুদ্ধে চার্জশিট দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
বুধবার দুদকের নিয়মিত সভায় এই অনুমোদন দেয়া হয়। বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচাক প্রণব কুমার ভট্টাচার্য্য।
এর আগে দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ মামলাটি তদন্ত করে আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদনের আবেদন জানান।
গতবছর ১৭ ডিসেম্বর দুদক উপ-পরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে গুলশান থানায় মামলা (মামলা নং- ১৮ ) দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যারিস্টার মওদুদ আহমদ গুলশান অ্যাভিনিউয়ের প্রায় দেড় বিঘা জমির উপর ১৫৯ নং বাড়িটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ করে আসছেন।
বাড়িটির মূল মালিক ছিলেন অস্ট্রেলীয় নারী অ্যাঞ্জেল ফলস। অ্যাঞ্জেল ফলসের মৃত্যুর পর তার স্বামী পাকিস্তানি নাগরিক ওই বাড়িতে বসবাস করতেন। তবে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে যাবার পর বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকারের তালিকাভুক্ত হয়।
অভিযোগ রয়েছে, মওদুদ আহমদ ১৯৭৯ সালে উপ প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে ওই বাড়িটি নিয়ন্ত্রণে নেন। তিনি লন্ডন প্রবাসী তার ভাই মঞ্জুর আহমদের নামে ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির কাগজ তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন। এছাড় ঢাকা সিটি করপোরেশনের রেকর্ড অনুযায়ী মওদুদ আহমদ নিজেই ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন এমন তথ্য উপাত্ত দুদকে রয়েছে।
মওদুদ আহমেদ ১৯৭৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে বাড়িটি দখলের পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করেন। দুদকের দীর্ঘ অনুসন্ধানও তদন্তে প্রাপ্ত এসব তথ্য উপাত্তের ভিত্তিতেই মামলার চার্জশিট অনুমোদন দেয় দুদক।
ঢাকা,একে, ২১ মে, (টাইমনিউজবিডি.কম) // জেএ
অপরাধ
মওদুদের বিরুদ্ধে মামলার চার্জশিট অনুমোদন
গুলশানে প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের দেড় বিঘা জমির ওপর সরকারি বাড়ি দখলের মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও তার ভাই মঞ্জুর আহমদের বিরুদ্ধে চার্জশিট দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)





