সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে মঙ্গলবার ভারত থেকে পাথর ও চুনাপাথর আমদানি পুনরায় শুরু হয়েছে। দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দাবির পরিপ্রেক্ষিতে তামাবিল স্টেশন দিয়ে পাথর, চুনাপাথর আমদানি পুনরায় শুরু হয়।
মেঘালয়ের হাইকোর্ট কর্তৃক মাইন বিস্ফোরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় মেঘালয়ের ফরেস্ট বিভাগ গত বছরের ৩০ জুলাই থেকে পাথর, চুনাপাথর রপ্তানি বন্ধ করে দেয়। ফলে দীর্ঘ সাত মাস ধরে উভয় দেশের ব্যবসায়ী ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
ভারত থেকে পাথর, চুনাপাথর আমদানি পুনরায় চালুর লক্ষ্য নিয়ে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সম্প্রতি কয়েকটি প্রতিনিধিদল একাধিকবার ভারত সফর করে। মেঘালয়ের মূখ্যমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও রপ্তানিকারকদের সঙ্গে এ বিষয়ে তাদের আলোচনা হয়।
সিলেট চেম্বারের সভাপতি সালাহউদ্দিন আলী আহমদ জানিয়েছেন, মঙ্গলবার থেকে পুনরায় সিলেটের তামাবিল দিয়ে পাথর, চুনাপাথর আমদানি শুরু হয়েছে। প্রথমদিন তামাবিল দিয়ে ২০টি পাথরবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে পাথর, চুনাপাথর আমদানি পুনরায় চালু হওয়ায় দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে তিনি বাংলাদেশ সরকার, ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মুকুল সাংমা, মেঘালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও ব্যবসায়ী নেতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এআই





