মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) মধ্যেই ঈদে কেনাকাটার সুবিধার্থে আগামী ১০ মে দেশের সব শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার।
তবে আসন্ন ঈদে রাজধানীর কুড়িলে অবস্থিত যমুনা ফিউচার পার্কও না খোলার সিদ্ধান্ত নিয়েছে। যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহম্মদ আলমগীর আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার (০৬ মে) যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহম্মদ আলমগীর আলম এক বিজ্ঞপ্তিতে জানান, “সর্বোচ্চ সুরক্ষা প্রস্তুতি সত্ত্বেও করোনা মহামারি সর্বোচ্চ পর্যায়ে যাওয়ায় হাজারও মানুষের সংক্রমণ ও মৃত্যুঝুঁকি এড়াতে যমুনা ফিউচার পার্ক আপাতত খুলছে না। বাঁচতে হলে সবাইকেই অবশ্যই বাসায় অবস্থান করতে হবে। না হলে মৃত্যুঝুঁকি বাড়বেই।”
বিজ্ঞপ্তিতে তিনি আরও লিখেছেন, “যমুনা গ্রুপের কাছে দেশ আগে, জীবন আগে, ব্যবসা পরে। তাই বন্ধ ব্যবসায় ১৫ কোটি টাকার ত্রাণ কার্যক্রমের পর এখন শপিং মল নিজেরাই বন্ধ রেখে আয়ের পথে তালা দিয়েছে দেশের মানুষের ভালোবাসার তাগিদেই।”
এতে আরও বলা হয়, যমুনা ফিউচার পার্কের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা, দোকানের মালিক-কর্মকর্তা-কর্মচারীরা সবাইকে আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যমুনা ফিউচার পার্কে না এসে সার্বক্ষণিক বাসায় পরিবারের সঙ্গে নিরাপদে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে।
এর আগে অপর শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ এবারের ঈদে বন্ধ রাখার কথা জানিয়েছে। পরবর্তীতে করোনা পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে খোলার দিনক্ষণ ঠিক করবে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।
উল্লেখ, গত ০৪ মে সরকার ঈদের আগে সীমিতভাবে দেশের সব শপিংমল ও দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে ০৫ মে এগুলো খোলা যাবে বলে জানানো হয়। পরে নতুন প্রজ্ঞাপনে শপিংমল খোলার তারিখ পিছিয়ে ১০ মে নির্ধারণ করা হয়। সেইসঙ্গে দেয়া হয় ৪টি শর্ত।
এদিকে, গত ৩দিনে দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। প্রতিদিনই সংক্রমণের সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। এমন অবস্থায় দোকান খোলা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় সারাদেশে।
এমবি





