সাভারের আশুলিয়ায় ছাঁটাইয়ের প্রতিবাদে তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা।

আজ (২৫ এপ্রিল) শনিবার সকালে আশুলিয়ার নরসিংহপুরের তাজপুর এলাকায় সিগমা গ্রুপের ‘সিগমা ফ্যাশন লিমিটেড’-এর শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানিয়েছে, ওই কারখানায় প্রায় ১ হাজার ২০০ শ্রমিক কাজ করেন। করোনার কারণে কারখানা বন্ধ দিয়েছিল এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত। পরে কারখানা লেঅফ ঘোষণা করে মে মাসের ১ তারিখ পর্যন্ত। তবে কোনো কারণ ছাড়াই গতকাল (শুক্রবার) রাতে কারখানা কর্তৃপক্ষ ৭০৯ জনকে ছাঁটাই করে দেয়ালে নোটিশ টাঙিয়ে দেয়। খবর পেয়ে শনিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

কারখানাটির সুয়িং অপারেটর ফাহিমা বলেন, “গত ১৬ এপ্রিল আমাদের বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। বেতন পরিশোধের দিন একটি ফাইলে কমপক্ষে ১৫ স্থানে স্বাক্ষর নেয়। কেন এই স্বাক্ষর নিয়েছে-তা আজ বুঝলাম।”

একাধিক শ্রমিক জানান, এমনিতেই আমরা করোনায় ভয়ে বাসা থেকে বের হতে পারছি না। কারখানার সামনে নোটিশ টাঙিয়ে দিয়ে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। আমরা বাসাও ছেড়ে দিতে পারছি না। বাসা ছেড়ে দিতে চাইলে তিন মাসের বাসা ভাড়া দিয়ে চলে যেতে বলে বাড়িওয়ালারা।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, “যা করেছি, তার সব নোটিশে লেখা আছে।” তবে কারখানা বন্ধকালীন শ্রমিক ছাঁটাইয়ের কারণ জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

এমবি