মারধরের বিষয়টি অধ্যাপক কাজী আহমেদ জাকি নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে ঘটনাটি ঘটিয়েছেন।

এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিজের অফিসকক্ষে বসেছিলেন পরিচালক কাজী আহমেদ জাকি। ওই কক্ষে তিনি ছাড়াও অন্তত ১০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় ৮-১০ জনের একটি দল ওই কক্ষে প্রবেশ করে। তাদের একজন প্রথমে চেয়ারসহ পরিচালককে তার বসার স্থান থেকে সরিয়ে আনেন। পরে একাধিক ব্যক্তি পরিচালককে মারধর করেন।

আইইডিসিআর ১৯৭৬ সালে জাতীয় সংসদে একটি বিল পাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় দেশের কেন্দ্রীয় ম্যালেরিয়া ইনস্টিটিউটকে এর সঙ্গে একীভূত করা হয়। দেশে বিভিন্ন রোগের পরিস্থিতি পর্যবেক্ষণ, গবেষণা পরিচালনা এবং জনস্বাস্থ্যঝুঁকি সম্পর্কে আগাম সতর্কবার্তা দেওয়াসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সংস্থাটি। প্রতিষ্ঠানটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করে।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আইইডিসিআরের পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদকে নিয়োগ দেয়। জনস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ কাজী আহমেদ সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা পরিচালনা করেছেন।

এমএম