ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেল আবিবে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসি ও আলজাজিরার।
নেতানিয়াহু বলেন, ‘আমাদের নিরাপত্তা রক্ষায় আমরা এ ধরনের অভিযান চালিয়ে যাব।’
এ সময় তিনি অস্ত্রবিরতি প্রত্যাখ্যান করায় হামাসকে দায়ী করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলার ১৫তম দিন মঙ্গলবারে নিহতের সংখ্যা বেড়ে ৬২০-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে এএফপি। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৩৭০০ জন।
জাতিসংঘের শরণার্থী শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় তাদের শরণার্থী শিবিরগুলোতে অন্তত এক লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
এ দিন ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও ফিলিস্তিনকে ‘সংঘর্ষ বন্ধ’ ও ‘আলোচনা শুরু’ আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।
ইসরায়েলের তেল আবিবে এক যৌথ সাংবাদিক সম্মেলনে মুন ইসরায়েলকে দীর্ঘ মেয়াদে সামরিক অভিযান চালানো থেকে বিরত থাকার আহবান জানান।
এ সময় তিনি বলেন, ‘আমি ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়কে বলছি, আপনারা যুদ্ধ বন্ধ করুন, আলোচনা শুরু করুন। আমাদের যেন পরবর্তী ছয় মাস বা এক বছরে এ ধরনের পরিস্থিতি দেখতে না হয়।’
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ





