ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমিত হয়েছে তিন বছর বয়সী এক শিশু।

শনিবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার পিম্পরি চিনচাওয়াদ এলাকায় বাস করা এই ছেলে শিশুটিকে ওমিক্রনে শনাক্ত করা হয় বলে স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

পিম্পরি চিনচাওয়াদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (পিসিএমসি) মেডিক্যাল কর্মকর্তা ডা. লক্ষ্মন গোফানে জানান, শিশুটিসহ মোট চারজনকে ওমিক্রনে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে কোনো প্রকার উপসর্গ নেই এবং উব্দেগেরও কোনো কারণ নেই।

সম্প্রতি নাইজেরিয়া থেকে ভারতে আসা ভারতীয় এক নারী ও তার দুই মেয়ের ওমিক্রন শনাক্ত করা হয়। তাদের থেকেই নতুন শনাক্ত রোগীরা সংক্রমিত হয়েছে বলে জানান পিসিএমসি মেডিক্যাল কর্মকর্তা।

এর আগে ওই এলাকায় আরো ছয়জনকে ওমিক্রনে শনাক্ত করা হয়েছিলো। তাদের মধ্যে দেড় বছর বয়সী এক মেয়ে শিশুও ছিলো।

শুক্রবার ওই মেয়ে শিশুটিসহ চারজনের করোনা টেস্টের ফল নেগেটিভ আসলে তাদের ছেড়ে দেয়া হয় বলে জানান ডা. লক্ষ্মন গোফানে।

সূত্র : এনডিটিভি

এমআর