গাযায় ইসরায়েলের বিরামহীন গোলাবর্ষণে মৃতের সংখ্যা এখন ৬০৭-এ পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ দেয়া তথ্যমতে এ খবর জানা গেছে। খবর বিবিসি'র।

এ ছাড়া টানা দুই সপ্তাহের হামলায় আহত হয়েছেন ৩,৩০০ জন। সোমবার রাতে ৭০টি লক্ষবস্তুর ওপর বোমা ফেলা হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি হাসপাতাল ও ৩৪টি মসজিদ এবং একটি স্পোর্টস কমপ্লেক্সও রয়েছে। এ ছাড়া বহু শিক্ষাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, জাতিসংঘের ত্রাণ দফতর গাযার বেসামরিক মানুষজনের অবস্থাকে চরম বিপর্যয়কর বলে বর্ণনা করেছে।

জাতিসংঘ মানবিক বিষয়ক দপ্তরের কর্মকর্তারা বলছেন, গাযায় জনবসতি এতটাই ঘন যে গোলার হাত থেকে পালানোর কোন জায়গা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইসরায়েলি গোলায় গাযার ১৮টি হাসপাতাল এবং ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী গাযায় অভিযানের সময় একজন ইসরায়েলি সৈন্য নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে এই সৈন্য এখন বেঁচে নেই বলেই কর্মকর্তারা মনে করছে।
ক্রমাগত ইসরায়েলি গোলাবর্ষণের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ হামাসের যোদ্ধারাও পাল্টা রকেট ও মর্টার ছোঁড়া অব্যাহত রেখেছেন।

ইসরাইলি আগ্রাসনের কারণে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছেন গাযার এক লাখ মানুষ। ইহুদিবাদী সামরিক বাহিনী প্রায় ৩,০০০ বার বিমান হামলা চালিয়েছে। গাজার অধিবাসীদের বিরাট অংশ ইসরাইলি আগ্রাসনের মুখে পানির কষ্টে পড়েছে। এ ছাড়া, ২৪ ঘণ্টায় মাত্র চার ঘণ্টা বিদ্যুতের সুবিধা পাচ্ছেন তারা।

এদিকে, হামাসের হাতে ইসরাইলের সেনাবাহিনী অনেকটা পর্যুদস্ত হয়েছে। এরইমধ্যে ইসরাইলর হিসাব মতে ইহুদিবাদী সেনা নিহত হয়েছে ২৭ জন। তবে হামাসের হিসাবে এ সংখ্যা ৪২। এ ছাড়া, কয়েকজন বেসামরিক মানুষও মারা গেছে। তবে, ইসরাইলের রাষ্ট্রীয় গোপনীয়তার কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না।

এদিকে, গাজায় যখন ইসরাইলি সেনারা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে তখন যুদ্ধবিরতির জন্য শুরু হয়েছে জোর প্রচেষ্টা। এরই অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পৌঁছেছেন মিশরে। তিনি শিগগিরি যুদ্ধবিরতি করতে হামাসের প্রতি আহবান জানিয়েছেন।

এ ছাড়া, জাতিসংঘ মহাসচিব বান কি মুনও মধ্যপ্রাচ্য সফর করছেন। তিনি তার ভাষায় গাজার সহিংসতা বন্ধের কথা বলেছেন। যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে ফিলিস্তিনি ঐক্য সরকারের প্রধান মাহমুদ আব্বাস কাতার গেছেন হামাস নেতা খালেদ মাশআলের সঙ্গে আলোচনার জন্য। সূত্র: বিবিসি, আইআরআইবি

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ