যশোরে মশিয়ার রহমান নামের (৪৫) এক বিএনপি কর্মীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যায় শহরের শঙ্করপুর এলাকায় এ ঘটনা ঘটে।

যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বলেন, বিএনপির রাজনীতিতে একজন সক্রিয় কর্মী ছিলেন মশিয়ার রহমান। তবে ঠিক কী কারণে দুর্বৃত্তরা মশিয়ারকে খুন করেছে সে ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি। নিহত মশিয়ার পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, মশিয়ার বিএনপির কর্মী ছিলেন। তবে এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

তিনি বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোস্তফার ছেলে মিশ্র এবং তার ভাই গোলাম রসুল ডাবলুর সঙ্গে মশিয়ার রহমানের ভাতিজা শোভনের দ্বন্দ্ব ছিল।

এর সূত্র ধরে বিকেল ৫টার দিকে সাত-আটজন দুর্বৃত্ত শোভনকে মারতে যায়। এসময় মশিয়ার রহমান লাঠি নিয়ে তাড়া করলে দুর্বৃত্তরা চলে যায়। সন্ধ্যায় তারা আবার ফিরে এসে মশিয়ারকে ধাওয়া দিলে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেখানে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে মশিয়ারকে হত্যা করে চলে যায়।

ওসি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। একইসঙ্গে হত্যাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

জেড