বাংলাদেশের অগ্রগতির সঙ্গে ভারতের অগ্রগতি জড়িত। যারা স্বাধীনতা ও ভারতের শত্রু, তারা বাংলাদেশেরও শত্রু। বাংলাদেশ ও ভারত মিলিতভাবেই এ দেশের সৃষ্টি করেছে বলেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ।
গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘বাংলার বিজয় উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশে যদি জঙ্গি সৃষ্টি হয় কিংবা উগ্রবাদীদের তৎপরতা শুরু হয়, তবে এ থেকে ভারতও মুক্তি পাবে না। তাই সম্মিলিতভাবে এ অপশক্তিকে মোকাবিলা করতে হবে।
মন্ত্রী বলেন, ‘আমাদের ভারতের দালাল হিসেবে চিহ্নিত করা হয়, তার কারণ কি? যারা স্বাধীনতার শত্রু, যারা ভারতের শত্রু, তারা বাংলাদেশের শত্রু। তারাই আমাদের ভারতের দালাল বলে থাকে।’ এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদানের কথা বর্ণনা করেন।
ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক ও তথ্য-বিষয়ক সচিব রাজেশ উইকি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে মৈত্রী সম্পর্ক তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও অটল থাকবে।
সমিতির সভাপতি ও ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুবীর কুশারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার প্রমুখ।
এমএম





