রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহমুদুল হাসান রোহিত (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় শেখ মারজান (১৯) নামে আরেকজন আহত হয়েছেন।
শুক্রবার (০৯ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোহিতকে মৃত ঘোষণা করেন।
নিহত রোহিতের বড় ভাই মাজহারুল হাসান রাজু জানান, তাদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে। গুলিস্তানে একটি গেঞ্জির দোকানের চাকরি করতেন রোহিত। শুক্রবার জুমার নামাজের পর বন্ধু মারজানের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন রোহিত। এরপর দুর্ঘটনার খবর শুনতে পান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো: বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, নরোহিতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত মারজানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও গুরুতর। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কোনো কিছু জানাতে পারেনি কেউ।





