সকালে কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন ও কাকরাইলে এমন চিত্র চোখে পড়ে।

রংপুর থেকে ট্রেনে ঢাকায় আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা কিশোর অধিকারী বলেন, “বছরে ঈদ আর পূজা—এই দুই সময়ে বাড়ি যাওয়া হয়। পূজার সময় আত্মীয়স্বজন একত্র হয়, তাই সবার সঙ্গে আনন্দ করেছি। আগামীকাল অফিস, তাই আজ ঢাকায় ফিরতে হয়েছে। যাওয়া-আসায় খুব বেশি কষ্ট হয়নি।”

চাঁদপুর থেকে সায়দাবাদ বাস টার্মিনালে ফেরা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, “ঈদের মতোই এবারও ঢাকামুখী যাত্রীর চাপ আছে। ভোগান্তি এড়াতে সকাল সকাল চলে এসেছি। আগামীকাল থেকেই অফিস শুরু।”

অন্যদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানজট না থাকলেও অটোরিকশার চাপ ছিল বেশি। মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পল্টনে তুলনামূলক কম যানবাহন থাকলেও সায়দাবাদ, দয়াগঞ্জ ও ধোলাইপাড় এলাকায় তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১ অক্টোবর (বুধবার) থেকে ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত টানা ছুটি ছিল। আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে পুনরায় নিয়মিত কার্যক্রম শুরু হবে।

এনএইচ