গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধানক্ষেতে হঠাৎ অবতরণ করল ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা এভিয়েশনের আর-৬৬ এসটুএইড নামের একটি হেলিকপ্টার।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করে এ হেলিকপ্টার। ফাঁকা মাঠে হঠাৎ হেলিকপ্টারের অবতরণ দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে যাচ্ছিল মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারটি। আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশা দেখে দিনাজপুরে না গিয়ে শ্রীকলা গ্রামের একটি ধানক্ষেতে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান পাইলট।

এ সময় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে এবং হেলিকপ্টারের কাছে ছুটে যায় গ্রামবাসী। পরে হেলিকপ্টার থেকে নেমে পাইলট বিষয়টি খুলে বললে গ্রামবাসীর আতঙ্ক কেটে যায়।

ঘণ্টাখানেক অবস্থান করার পর আবহাওয়া ভালো হলে হেলিকপ্টারটি পুনরায় গন্তব্যে ফিরে যায়। পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এএস