মুক্তিযোদ্ধাদের সেবার জন্য দুটি অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত। মঙ্গলবার মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স দুটি হস্তান্তর করেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। দুটি অ্যাম্বুলেন্সের একটি চট্টগ্রামের মেয়রের তত্ত্বাবধায়নে চট্টগ্রামে, অপরটি মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের তত্ত্ববধায়নে ঢাকায় পরিচালিত হবে।
অনুষ্ঠানে হাই কমিশনার হর্ষবর্ধন বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ভারত সরকার গর্বিত। গত বছর বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনকে দুটি অ্যাম্বুলেন্স দেয়ার ঘোষণা দিয়েছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সগুলো ফাউন্ডেশনকে হস্তান্তর করতে পেরে আমরা খুশি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ভারতকে বাংলাদেশের দুর্দিনের বন্ধু উল্লেখ করে বলেন, আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে আজকে আন্তার্জাতিক ষড়যন্ত্র চলছে। আমাদের স্বাধীনতাকে নিয়ে, এমনকি আমাদের এই সরকারকে পতনেরও ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্রের মধ্যেও আমাদের পরীক্ষিত বন্ধু ভারত অতীতের মতো আমাদের পাশে আছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সিনিয়ার ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন ঘোষাল বক্তব্য দেন।
এআই





