মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ২৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে ‘গোপন বৈঠক’ করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় ১৩টি ককটেল ও ৬৫টি পটকাবাজি জব্দ করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার দাবি করেন, ধানখোলা ইউনিয়নের পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে ‘গোপন বৈঠক’ করছিলেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ২৩ জনকে আটক করে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতার মামলা করা হয়েছে। তাঁদের আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
এমআর





