গণপরিবনে সিটিং সার্ভিসের নামে প্রতারণা বন্ধ ও শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার সকালে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা। এর আগে ১০ নভেম্বর একই দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও যোগাযোগ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, সিটিং সার্ভিসের নামে রাজধানীতে চলছে ‘চিটিং সার্ভিস’। সিটিং সার্ভিস লিখে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া নেওয়ার কথা থাকলেও তারা তা নিচ্ছে না। উল্টো এই বিষয়ে কথা বলতে গেলে বাসের চালক, হেল্পার ও মালিকপক্ষের ভাড়াটে গুণ্ডাদের হাতে আহত হতে হয় শিক্ষার্থীদের। কিন্তু এগুলো দেখার কেউ নেই।

শিক্ষার্থীরা আরও বলেন, সিটিং সার্ভিসে কাউন্টার ব্যতীত না থামা ও সিটের অতিরিক্ত যাত্রী ওঠানোর নিয়ম না থাকলেও তার কোনোটাই মানে না এই সব ‘চিটিং সার্ভিসগুলো’। রাজধানীতে সিটিং সার্ভিস নামে কোনো বাস সার্ভিস চালানোর নিয়ম নেই। সব বাসই হবে গণপরিবহন। বাস মালিকেরা তদের নিজেদের স্বার্থে কোনো নিয়মের তোয়াক্কা না করে এই ‘চিটিং সার্ভিস’ চালিয়ে যাচ্ছে।

শিগগিরই এ সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়ে আন্দোলনের সমন্বয়ক তাকবির মাহিম বলেন, ইতিমধ্যে আমরা প্রেসক্লাবে মানববন্ধন করে ও যোগাযোগ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এবারও একই দাবিতে আজ মানববন্ধন করছি। যতদিন আমাদের দাবিগুলো সরকার মেনে না নিবে ততদিন এ আন্দোলন চলবে।

দিন দিন আন্দোলনের শক্তি বৃদ্ধি পাচ্ছে দাবি করে তিনি বলেন, আমাদের আন্দোলনের সঙ্গে ছাত্র- শিক্ষকসহ সর্বস্তরেত মানুষ সংযুক্ত হচ্ছে। দিনি দিন এ আন্দোলন শক্তিশালী হচ্ছে। শিগগিরই ব্যবস্থা নেয়া না হলে ছাত্র সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

নাজিব