শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

এদিকে প্রায় তিন ঘণ্টা হয়ে গেল রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিসে ২৮টি ইউনিটের সদস্যরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে। এছাড়া যোগ দিয়েছে সেনা, নৌ, বিজিবি, র‌্যাব সদস্যরা।

ব্যবসায়ীদের অভিযোগ, অরক্ষিত বৈদ্যিুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, এক লাইন থেকে একাধিক সংযোগ দেওয়ার কথা।

ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, বাতাসের কারণে বেশ ধোঁয়া হচ্ছে। এতে অন্ধকারে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে।

আর মাত্র কয়েকদিন পরেই ঈদ উল ফিতর। নিউ মার্কেটসহ রাজধানীর সবগুলো মার্কেটই জমজমাট বিকিকিনিতে। মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। তেমনি নিউ মার্কেটের ব্যবসায়ীরাও মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। সেহেরি খেয়ে যখনই ঘুমাতে যাবেন ঠিক তখনই খবর আসে আগুনের।

অনেকে বলছেন, দোকানের মালামালের সঙ্গে সারা দিনের বেচাকেনার সব টাকা ক্যাশ বাক্সে রয়েছে। তাদের সব কিছু শেষ হয়ে গেল। ঈদের আগে আগে এরকম আগুন একেবারে পথে বসিয়ে দিয়েছে ব্যবসায়ীদের।

এদিকে নিউ সুপার মার্কেটের দুই ও তিন তলায় আগুনের সঙ্গে প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়েছে। ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো নিউ মার্কেট এলাকা। মূলত নিউ মার্কেটের পূর্ব পাশের অংশে আগুনের ভয়াবহতা বেশি।

আগুনের তাপে একের পর এক এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এখন কোনো ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ওই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ভয়াবহ আগুনের ঘটনা ঘটলো।

বঙ্গবাজারের আগুরে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন ব্যবসায়ীরা।

এন