নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের বোতলগঞ্জ বাজার থেকে রাজপুত চন্দ্রভান সিং (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
তিনি ভারতের আহালাবাদ জেলার রামল থানার বিনোভাবায়ন নগর গ্রামের লালটা সিংয়ের ছেলে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-৭ এর চিলাহাটি কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার নায়েক সুবাদার আব্দুস সামাদ জানান, ‘ভারতীয় ছিটমহল বালাপাড়ার পার্শ্ববর্তী চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের বোতলগঞ্জ বাজারে রাতে সন্দেহজনকভাবে ওই ব্যক্তি চলাফেরা করলে এলাকাবাসী আমাদের খবর দেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভারতীয় নাগরিক বলে জানান। বৃহস্পতিবার তাকে ডোমার থানায় সোপর্দ করা হয়েছে।’
এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে ডোমার থানায় মামলা হয়েছে। মামলা নং- ১৯ । আটক ওই ভারতীয় নাগরিক দীর্ঘদিন ডোমার উপজেলা পরিষদ ও থানার পাশে বিভিন্ন সময় অবাধে চলাফেরা করেছেন বলে এলাকাবাসী জানান। তিনি একেক সময় একেক পরিচয় দিতেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





