ছয় দিন দেশে থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তিগত সফরে আগামীকাল শুক্রবার তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন।

আগামীকাল সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশে এয়ার লাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে অবদান, বিশেষ করে ভারতের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আগামী ১৪ জুন লন্ডনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো দৈনন্দিন কর্মসূচিতে বলা হয়, আগামী ১৭ জুন সন্ধ্যা সোয়া ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইটে (বিজি-০১৬) সিলেটের ওসমানী বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন।

১৮ জুন সকাল সাড়ে নয়টায় তিনি সেখানে পৌঁছাবেন বলে ধারণা করে হচ্ছে। পরে সেখান থেকে ঢাকায় ফিরবেন।

কেএইচ