বরগুনার পাথরঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবিরের বহনকৃত সরকারি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহত দুইজনের নাম- মো. বশির পঞ্চায়েত (৪০) ও মোফাজ্জেল হোসেন (৩৫)। দুর্ঘটনায় আহত হন ইউএনও মো. হুমায়ুন কবির ও গাড়ি চালক জাহাঙ্গীর।
মুখোমুখি সংঘর্ষে মো. বশির পঞ্চায়েত ঘটনাস্থলে নিহত হলেও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মোফাজ্জেল হোসেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি এলাকায় পাথরঘাটা থেকে দাপ্তরিক কাজে বরগুনায় যাওয়ার পথে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মো. বশির পঞ্চায়েত (৪০) নিহত হয়। আহত হয় ইউএনও মো. হুমায়ুন কবির ও গাড়ি চালক জাহাঙ্গীর। এর মধ্যে গুরুতর আহত হয় মোফাজ্জেল হোসেন। তাকে দ্রুত বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অবস্থা আশঙ্কাজনক হলে বরিশাল মেডিকেলে পাঠানো হয়। মেডিকেলে গিয়ে ভর্তি হওয়ার কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়।
মোফাজ্জেলের সাথে থাকা বশিরের প্রতিবেশী মো. মহারাজ মুঠোফোনে বলেন, বরিশাল শেবাচিমে আনার সাথে সাথেই মারা যান মোফাজ্জেল। নিহত মোফাজ্জেলের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নাজিরপুর ইউনিয়নে।
এদিকে পাথরঘাটা উপজেলা প্রশাসনের সহকারি আবদুল্লাহ আল মামুন বলেন, ইউএনও স্যার বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর গাড়ি চালক জাহাঙ্গীরকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ইউএনও মো. হুমায়ুন কবির বলেন, আমি চিকিৎসা নিয়েছি, ডাক্তার কয়েকটি টেস্ট দিয়েছে যা আজকে করতে হবে। চালক জাহাঙ্গীরের বুকে প্রচন্ড আঘাত লাগায় তাকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এএইচ





