নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর মডার্ণ একাডেমীর পরিচালনা পর্ষদের নির্বাচনে নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেয়ায় পরাজিত প্রার্থীর লোকজন মোঃ ফরহাদ(৪৫) নামে এক শিক্ষককে লাঠি দিয়ে মারপিটসহ হাতুড়িপেটা করেছে।
বৃহস্পতিবার(২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে।
শিক্ষকের ভাতিজি নাসরিন, ইউপি মেম্বর বাবু ও শিক্ষকের আত্মীয়রা জানায়, শালনগর মডার্ণ একাডেমীর শিক্ষক মোঃ ফরহাদ শালনগর গ্রামের জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার ৮/১০ জন লোক ওই ভাড়া বাড়িতে গিয়ে ঘর থেকে শিক্ষক ফরহাদকে ডেকে বাহিরে এনে লাঠি ও হাতুড়ি দিয়ে বেদম মারপিট করে। গুরুতর অসুস্থ্য অবস্থায় পরিবার ও গ্রামের লোকজন ওই শিক্ষককে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
লোহাগড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, শুনেছি অবস্থা গুরুতর হওয়ায় ওই শিক্ষককে সরাসরি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ ভুঁইয়া জানান, শান্তিশৃংখলা রক্ষায় গত ২৪ নভেম্বর আমার অফিসে শালনগর মডার্ণ একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ১৮ নভেম্বর সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে রাজা নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন সালেক মুন্সী।
লোহাগড়া থানার ওসি(তদন্ত) আমানুল্লা আল বারী জানান, শিক্ষককে মারপিটের ঘটনায় তার স্ত্রী লতিফা পারভীন বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের করেছে। এঘটনায় ওলিয়ার রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরিচালনা পর্ষদের নির্বাচনের রেশ ধরে শিক্ষককে মারপিট করা হয়েছে।
মিলু/এমএম





