শর্তসাপেক্ষে দোকানপাট ও মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শপিং-মল থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্ক না খোলার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বুধবার (০৬ মে) বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
এ ব্যাপারে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব জানান, বসুন্ধরা সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। মানবতার কথা চিন্তা করেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি মানুষের পাশে করোনা ভাইরাসের শুরু থেকেই বিভিন্নভাবে দাঁড়িয়েছেন। শপিং মল না খোলা তার আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত।
এছাড়া যমুনা ফিউচার পার্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, করোনা প্রাদুর্ভাবের চলমান পরিস্থিতির উন্নতি না হলে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় যমুনা ফিউচার পার্ক খোলা হবে না।
আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু মহামারি করোনাভাইরাসের বিস্তাররোধ না হলে রমজান মাসে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং-মল হিসেবে পরিচিত যমুনা ফিউচার পার্ক খোলা হবে না।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে করোনায় মোট ১৮৬ জনের মৃত্যু হলো। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৭৯০ জন। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭১৯ জনে।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়ানো হয় সেই ছুটি, যা এখনও অব্যাহত আছে। পঞ্চম দফায় সেই ছুটি বাড়ানো হয় ৫ মে পর্যন্ত। তার আগেই আরেক দফা ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়।
এএস





