খুলনায় পাটকল শ্রমিকদের অনশনে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১১ দফা বাস্তবায়নে অন্যান্য শ্রমিকদের সাথে আমরণ অনশন শুরু করেছিলেন প্লাটিনাম জুট মিলের শ্রমিক আব্দুস সাত্তার (৫৫)।
জীবন চলে গেলেও দাবি আদায় না হওয়া অবধি ঘরে ফিরে যাবেন না বলেও তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না তাদের আন্দোলনের সফলতা। অনশনে অসুস্থ হয়েই মারা গেলেন তিনি।
তিনি খুলনার প্লাটিনাম জুট মিলের শ্রমিক ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ওই আমরণ অনশন কর্মসূচির ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। ওই পরিষদের যুগ্ম আহ্বায়ক ও প্লাটিনাম জুট মিলের শ্রমিক নেতা খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, অনশন চলাকালে সকাল ১০টার দিকে আবদুস সাত্তার গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এরপর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ওই আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত আটটি মিলের শ্রমিকেরা।
এই অঞ্চলে থাকা ৯টি পাটকলের মধ্যে শুধু যশোরের কার্পেটিং জুট মিলের শ্রমিকেরা কর্মসূচি পালন করছেন না।
গত তিন দিন ধরে চলা ওই কর্মসূচিতে এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে প্রায় ৪০ জনের মতো শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর অনশনস্থলে স্যালাইন দেওয়া হচ্ছে প্রায় দেড় শ’ জনকে। গত মঙ্গলবার দুপুর ৩টা থেকে শ্রমিকদের ওই অনশন কর্মসূচি চলছে।
এএস





