যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ লাখ ৫০ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে সীমান্তবর্তী পুটখালী ইউনিয়নের দৌলতপুর মাঠ থেকে এ টাকা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, বিকেলে বিজিবি সদস্যরা নিয়মিত টহলকালে দৌলতপুর বিজিবি ক্যাম্পের পিছন অংশে মাঠে ১৭ নম্বর পিলারের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন।
এ সময় বিজিবির ডাকে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় লোকটি। পরে ওই ব্যাগ তল্লাশি করে ৮ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়।
বিজিবি ২১ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার রফিক জানান, জব্দকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।
ওএফ





