রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তিনি সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির হেলিপ্যাডে অবতরণ করেন।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ পুলিশ একাডেমিতে নবনির্মিত অতিথি ভবন ‘তরুণিমা’ এবং প্যারেড গ্রাউন্ডের নবনির্মিত গ্যালারীর উদ্বোধন করবেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৩তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের অভিবাদন গ্রহণ করবেন।

প্যারেড পরিদর্শন শেষে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মধ্যে পদক বিতরণ করবেন। পদক বিতরণ শেষে তাদের উদ্দেশে প্রধান অতিথির ভাষণ দেবেন।

প্রধান অতিথির ভাষণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীর তীরে নবনির্মিত অতিথি ভবন ‘উর্মি’ উদ্বোধন শেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সঙ্গে আলোকচিত্র গ্রহণে অংশ নেবেন। বিকালে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে সারদা ত্যাগ করবেন।

এআর