কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও নির্মাণ ও বাজারজাত করার দায়ে মহিব উল্লাহ (২৭) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এ সাজা দেন।
মহিব উল্লাহ চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আওরাল গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি স্থানীয় বদরপুর বাজারের একটি মোবাইল ও কম্পিউটার দোকানদার।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, মহিব উল্লাহ বদরপুর বাজারে মা টেলিকম নামে একটি মোবাইল ফোন ও কম্পিউটারের দোকানের ব্যবসার আড়ালে রাষ্ট্রের বিখ্যাত ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের স্টিল ছবির গলা কেটে অশালীন ও ব্যঙ্গাত্মক বডিতে স্থাপন করে মেমোরি কার্ডে লোড করে ব্যবসা চালিয়ে আসছিলেন।
ওই দোকানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র ছবি দিয়ে একইভাবে ব্যঙ্গাত্মক ছবি দিয়ে একটি অডিও গানের সঙ্গে যুক্ত করে ভিডিও বাজারজাত করছিলেন।
শুক্রবার সন্ধ্যায় তার দোকানে ওই ভিডিও গানটি কম্পিউটারে চালু করে লোকজনদের দেখালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে। এসময় তার ব্যবহৃত সিপিইউ ও মনিটরসহ কম্পিউটারটি জব্দ করা হয়।
শনিবার সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে। রোববার তাকে কারাগারে পাঠানো হবে।
এসএইচ





