ভারতে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন চার নারী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে সোমবার দুপুর ২টায় তাদের হস্তান্তর করে।
ফেরত আসা নারীরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার সবুর ফকিরের স্ত্রী কারিনা (৪৬), শরীফ বিশ্বাসের স্ত্রী সাথী বেগম (২৬), জামাল উদ্দিনের স্ত্রী শাহিদা বেগম (৫০) ও লোহাগড়া উপজেলার ইকবাল খন্দকারের স্ত্রী নাসিমা খাতুন নাসিমা (২৮)।
ফেরত আসা নারীরা জানান, সংসারে অভাব-অনটনের কারণে দালালের পরামর্শে ভালো কাজের সন্ধানে বিভিন্ন সময় তারা ভারতে যান। কিন্তু দালালচক্র তাদের কাজ না দিয়ে পালিয়ে আসে। পরে তারা কলকাতা শহরে বাসাবাড়ির কাজ করার সময় সেখানকার পুলিশের হাতে ধরা পড়েন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইন চার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, অবৈধ প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত থেকে কলকাতার ‘নিলুয়া হোম’নামে একটি এনজিও তাদের মুক্ত করে নিজেদের হেফাজতে নেয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে সোমবার তারা দেশে ফেরত আসেন। তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করবে।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী কর্মকর্তা এ্যাডভোকেট নাসিমা খাতুন বলেন, ‘ফেরত আসা নারীদের যশোরের শেল্টার হোমে রাখা হবে। পরে নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।’
কেএইচ





